Logo
Logo
×

সারাদেশ

শুধু গাছ লাগালেই হবে না, রক্ষণাবেক্ষণে স্থানীয়দের এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:১১ এএম

শুধু গাছ লাগালেই হবে না, রক্ষণাবেক্ষণে স্থানীয়দের এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সুফলভোগীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

আজ সোমবার বেলা ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সড়কের কালিহালা এলাকায় পূবালী ব্যাংক পিএলসির কলমাকান্দা উপশাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সুফলভোগীদের এগিয়ে আসতে হবে। প্রশাসন বা সরকারের একার পক্ষে রাস্তার ধারের কিংবা বনায়নের সব গাছ রক্ষা করা সম্ভব নয়।’

তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে দেশে বনভূমি কমছে। গাছ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। পরিবারে সন্তান জন্মের দিন তার নামে একটি গাছ লাগানোর মতো সামাজিক উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে সন্তান ও গাছ একসঙ্গে বেড়ে উঠবে।

থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে ডেপুটি স্পিকার বলেন, এসব দেশে সরকারের পাশাপাশি নাগরিকেরাও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যায় অংশ নেন। বাংলাদেশেও নাগরিকদের এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, রাস্তার পাশে বা গ্রামে গাছ লাগানোর সময় স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে হবে। গাছের কাঠ, ফল ও ছায়ার সুফল স্থানীয়রাই ভোগ করবেন—এ বিষয়টি তাঁদের বোঝাতে হবে।

বৃক্ষরোপণে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে এগিয়ে আসায় পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়াসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন