Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে পৃথক অভিযানে বিদেশি একটি এসএমজি ও ৩২৭ টি গুলি উদ্ধার, রোহিঙ্গা নারী আটক

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০৮ এএম

টেকনাফে পৃথক অভিযানে বিদেশি একটি এসএমজি ও ৩২৭ টি গুলি উদ্ধার, রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিদেশি একটি এসএমজি ও ৩২৭ টি গুলিসহ রোহিঙ্গা এক নারীকে আটক করেছে র্যাব।

সোমবার বিকাল ৫ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (  আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটক সামসুন নাহার (১৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের শামসুর আলমের মেয়ে।

আ. ম. ফারুক বলেন, রোববার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের কবরস্থান পাহাড়ের ( জাকিরের ডেইল পাহাড় ) পাদদেশে কতিপয় লোকজন অস্ত্র ও গুলি মজুদ করার খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব-মেশিন গান পাওয়া যায়।

এদিকে রোববার সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২৭ টি রাইফেলের গুলিসহ এক নারীকে আটক করা হয় বলে জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের এ গণমাধ্যম কর্মকর্তা।

আ. ম. ফারুক জানান, রোহিঙ্গা ক্যাম্পটিতে জনৈক ব্যক্তির বসত ঘরে অস্ত্র ও গুলি মজুদের খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক পালিয়ে বসত ঘরটিতে অবস্থান করা ১ নারীকে আটক করা হয়। 

পরে ঘরটিতে তল্লাশী চালিয়ে শয়ন কক্ষের ভিতরে মাচার উপর বিশেষ কৌশলে রাখা অবস্থায় পাওয়া যায় ৩২৭ টি রাইফেলের গুলি। 

উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করেছেন বলে জানান, আ. ম. ফারুক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন