হাটহাজারীতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম
হাটহাজারীর নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র্যালি।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে নাংগলমোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সম্মিলিত অঙ্গীকার” প্রতিপাদ্যে আয়োজিত এ সমাবেশে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, শিক্ষক-শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজীদ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে ধর্মীয় সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম বলেন, মাদক কোনো ব্যক্তি বা একটি পরিবারের একক সমস্যা নয়; এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।মাদকের বিরুদ্ধে আইনানুগ অভিযান ও গ্রেপ্তারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক সম্পৃক্ততাকে সমান গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সমাবেশে বিশেষ অতিথিবৃন্দ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার, মাদকের চাহিদা কমানো, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে সমন্বিত কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সালাউদ্দীন আলী বলেন,
“আজকের এই আয়োজন শুধু একটি সমাবেশ নয় এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষার একটি সামাজিক অঙ্গীকার। আমরা চাই না আমাদের কোনো সন্তান মাদকের অন্ধকারে হারিয়ে যাক, কোনো মা-বাবাকে সন্তানের জন্য চোখের পানি ফেলতে হোক, কোনো পরিবার মাদকের কারণে ধ্বংস হয়ে যাক।”
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা লড়াই করে সফল হতে পারবে না। একটি মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম এবং সমাজের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের চাহিদা তৈরির সামাজিক ও পারিবারিক কারণগুলোও চিহ্নিত করে তা মোকাবিলা করতে হবে।
আমাদের সন্তানদের হাতে মাদক নয়—বই তুলে দিতে হবে; হতাশা নয় -স্বপ্ন দেখাতে হবে,অপরাধের পথ নয়—আলোর পথ দেখাতে হবে।”
সালাউদ্দীন আলী মাদকের বিরুদ্ধে নাংগলমোড়াসহ সমগ্র হাটহাজারীতে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যদি আজ ঐক্যবদ্ধ হই, তাহলে আগামী প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সম্ভব। আমাদের আজকের অঙ্গীকারই হোক—মাদককে না বলব, মাদক ব্যবসাকে প্রতিহত করব এবং আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব।”
মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র্যালিতে পুলিশ কর্মকর্তা, সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত চট্টগ্রাম গড়ার আহ্বান জানানো হয়।
এই সময় অনন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, হাটহাজারী সার্কেল কাজী মোহাম্মদ তারেক আজিজ সাহেব
আরো উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হাটহাজারীর উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ,হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংবাদিক খুরশেদ উলম শিমুল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া, আবু রশিদ মেম্বার, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম হাসান,নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্সি, ডা. আজম, মোহাম্মদ টিপু সুলতান, কৃষক দল হাটহাজারী উপজেলা সিনিয়র সদস্য রবিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান ,এডহক কমিটির অভিভাবক সদস্য বাসুদেব, সহকারী সিনিয়র শিক্ষক নুরুল আবছার, এটিএম হারুন রশীদ, সপ্না চক্রবর্তী, মাওলানা ইব্রাহিম, রতন চক্রবর্তী, মাস্টার জিতু, সালাউদ্দিন, মাস্টার শুভ, জাহেদ, সাংবাদিক আরমান, গাজি বাবুল,যুবদল যুগ্ন আহবায়ক ইমরান,গাজী রাসেল হাসান, ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আল হেলাল, রুবেল, আজগর সহ স্থানীয় বিএনপি ও সমাজ সেবি উপস্থিত ছিলেন।



