Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

শেরপুরে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাজা শেষে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন—উপজেলার আম্বাইল গ্রামের মিজানুর রহমান (৩৫), বেতগাড়ি পশ্চিমপাড়া গ্রামের রাসেল শেখ (২৬), বাছেদ শেখ (৩৯), আবু হাশেম (২৬) এবং সেরুয়া দহপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিজানুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর চারজন—রাসেল শেখ, বাছেদ শেখ, আবু হাশেম ও জাহিদুল ইসলামকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত সিং ও জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্তদের নিজ বাড়ি ও সড়কে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। আদালত তাদের স্বীকারোক্তি ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

সাজা কার্যকর করার জন্য পরে পাঁচজনকেই বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “শেরপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন