রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম
রংপুরের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের পর ওই বাড়িতে গোসল, খেজুর ও শসা খাওয়াসহ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন মাছুয়াপাড়া এলাকার মুগ্ধ দাস ও তার মামাতো ভাই সিদ্ধার্থ দাস।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইয়াবা সেবনের পর তারা গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করে। প্রথমে গণপতি চক্রবর্তীকে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী পার্থীকেও শ্বাসরোধে হত্যা করা হয়। গণপতির ছেলে প্রিয়ম চক্রবর্তীকে কাপড় পেঁচিয়ে ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর তারা বাড়ির বাথরুমে গোসল করে এবং ডাইনিং টেবিলে রাখা খেজুর ও শসা খায়। এরপর মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলতে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে চুবিয়ে রাখে। বাড়ির স্বর্ণালংকার নিয়ে গিয়ে মন্দিরের পেছনে একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখে, যা পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডকে ডাকাতি হিসেবে দেখাতে তারা ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখে। শুক্রবার জুমার নামাজের সময় সুযোগ বুঝে তারা বাড়ি থেকে বের হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে এবং দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে।



