কলমাকান্দায় ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম
নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি মো. অনিক মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা শামীম।
কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ।
সভায় বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে। একই সঙ্গে ছাত্রসমাজের বিভিন্ন যৌক্তিক দাবি ও অধিকার নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মীসভায় নেত্রকোনা জেলা ও কলমাকান্দা উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সরকারি কলেজ এবং উপজেলার আট ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



