বৃষ্টির মধ্যে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজশিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম
নেত্রকোনার আটপাড়ায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আল মামুন ওই গ্রামের আল আমিনের ছেলে। তিনি সম্প্রতি অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই বাড়ির কাছাকাছি এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান মামুন। সকাল পৌনে নয়টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। তরুণ এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস বলেন, ঘটনাটি পরিবারের সদস্যদের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম বলেন, বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।



