Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে মনোহরগঞ্জে মোবাইল কোর্ট, পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে মনোহরগঞ্জে মোবাইল কোর্ট, পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বিদ্যুৎ সাশ্রয় ও চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার মনোহরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় রাত ৮টার পর দোকান খোলা রাখাসহ সরকারি নির্দেশনা অমান্য করায় পাঁচটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার খোদাইভিটা থেকে উত্তর বাজার সিএনজি স্টেশন পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী গত রোববার (১৬ আগস্ট) থেকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। এবং রাত ৮টার পর থেকে সকাল ১১টা পর্যন্ত সকল দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে খাবারের দোকান, রেস্টুরেন্ট ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বুধবার মাইকিং করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

অভিযান চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করায় ভূঁইয়া ট্রেডার্সকে ৫০০ টাকা, সবুজ বাইককে ৫০০ টাকা, সানজিদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ৫০০ টাকা, উদয়ন ডিজিটাল সাইনকে ১ হাজার টাকা এবং মামুন গার্মেন্টসকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাঁচটি মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউএনও গাজালা পারভীন রুহি সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ সংকটের কারণে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। এবং রাত ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত সকল দোকান পাট বন্ধ থাকবে।তবে খাবারের দোকান, রেস্টুরেন্ট ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, গান-বাজনা, ওয়াজ মাহফিলসহ যেসব আয়োজন রয়েছে, সেগুলো রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, স্থানীয় ব্যক্তিবর্গসহ মনোহরগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন