খুলনায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:১২ পিএম
গণপিটুনির প্রতীকী ছবি।
খুলনায় ছেলে ধরা সন্দেহে রাজু বিশ্বাস (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে নগরীর রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, রাজু বিশ্বাসসহ তিনজন বিকেলে মোটরসাইকেলে করে রায়েরমহল এলাকায় এসেছিলেন। পরে রাজু একটি শিশুকে কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে ধাওয়া দিয়ে রাজুকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গণপিটুনি দেয়। তবে এর আগে মোটরসাইকেলে থাকা বাকি দুজন পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে তিনি জানান।



