Logo
Logo
×

সারাদেশ

মহাসড়কে মৃত্যুফাঁদ, চলন্ত ভ্যানের ওপর ট্রান্সফরমারে আগুন

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:৩৭ পিএম

মহাসড়কে মৃত্যুফাঁদ, চলন্ত ভ্যানের ওপর ট্রান্সফরমারে আগুন

চলন্ত ভ্যানের ওপর ট্রান্সফরমারে আগুন

কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতির কারণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মহাসড়কের পাশে ভ্যানের ওপর স্থাপন করা বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন লেগেছে। অভিযোগ রয়েছে, স্থানীয়দের বারবার অভিযোগের পরও ট্রান্সফরমারটি সরানো হয়নি।

জানা যায়, উপজেলার হাসপাতাল গেইট সংলগ্ন ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী মহাসড়কের পাশে, হাসপাতালের দেওয়াল ঘেঁষে একটি ভ্যানের ওপর BPDB এর একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার মাসের পর মাস ফেলে রাখা হয়। ট্রান্সফরমারের পাশে এলোমেলোভাবে পড়ে থাকা ক্যাবল দিয়ে প্রায় ৪৪০ ভোল্ট বিদ্যুৎ প্রবাহ হচ্ছিল।

গত ১৩ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী চলাচল করে। রাস্তার উন্নয়ন কাজ চলমান থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছিলেন স্থানীয়রা। এ বিষয়ে BPDB এর ঈশ্বরগঞ্জ অফিসে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। অফিসের এক কর্মকর্তা তখন জানিয়েছিলেন "দ্রুত ট্রান্সফরমার অপসারণ করা হবে"।

কিন্তু কর্তৃপক্ষের আশ্বাসের পরও ট্রান্সফরমার না সরানোয় চরম বিপদ নেমে আসে। গতকাল শুক্রবার ১৪ আগস্ট রাত ১১:৪০ মিনিটে ওই ট্রান্সফরমারে আগুন লেগে যায়। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আগেই অভিযোগ করেছিলাম। কর্তৃপক্ষ কানে নেয়নি। আজ আগুন লাগার পর বুঝলো। কারো প্রাণ গেলে তখন কি হতো?"

এ ঘটনায় BPDB কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ট্রান্সফরমারটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হোক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন