ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে গোলাগুলি, আহত ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পালটা গুলিতে একজন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। পরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল।
পুলিশ জানায়, অভিযানের সময় জসিম ও মোহনসহ ৭-৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালায়। এতে জসিম গুলিবিদ্ধ হন। পরে তাকে ও মোহনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি ছোড়ে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



