মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অপপ্রচার, দাবি বিএনপি নেতা আব্দুল কাদিরের
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদিরের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ তুলে দুই অটোরিকশাচালককে হাত-পা বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। তবে অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিজেকে মাদকবিরোধী হিসেবে দাবি করেছেন বিএনপি নেতা আব্দুল কাদির।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কোদালিয়া রোড এলাকায় নিজ কার্যালয়ে সংবাদকর্মীদের কাছে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাদির বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে আসছেন। মাদকের কারণে এলাকার অনেক তরুণ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি দুজনকে স্থানীয় জনতা আটক করে তাকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি তাদের জনতার হাত থেকে সরিয়ে দেন এবং পুলিশকে খবর দেন। পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে কাজ করে আসছি। আমার এলাকায় মাদকের কারণে অনেক ছেলেপেলে ও যুবক ধ্বংস হয়ে গেছে। এ কারণে আমি সবসময় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”
নিজের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন প্রসঙ্গে আব্দুল কাদির দাবি করেন, যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মান্নান নামে এক ব্যক্তির বিরুদ্ধেও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করেন। মান্নানসহ তার আত্মীয়স্বজনরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার সম্মানহানি করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করা হচ্ছে।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগকারী দুজনকে তিনি আগে চিনতেন না এবং তাদের কখনো দেখেননি। জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের পরিচয় দিয়েছেন বলেও জানান তিনি। তাদের একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় এবং অন্যজনের বাড়ি মাটিকাটা এলাকায় বলে দাবি করেন তিনি।
অটোরিকশায় চলাচল ও টাকা দাবির অভিযোগও অস্বীকার করে আব্দুল কাদির বলেন, “আমি রিকশায় চলাচল করি—এমন অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি সাধারণত বাইকে চলাচল করি। তাই আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ অপপ্রচার ও ভিত্তিহীন।”
তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। পাশাপাশি ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে বলে জানান বিএনপি নেতা আব্দুল কাদির।



