নেত্রকোনায় একই দিনে পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম
নেত্রকোনায় পৃথক তিন ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার জেলার পূর্বধলা ও কলমাকান্দা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত তিন শিশুর বয়স এক বছর থেকে সাড়ে ছয় বছরের মধ্যে।
কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় এক বছর বয়সী মুয়াজ। বুধবার দুপুরে পুকুরে পড়ে যায় শিশুটি। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। মুয়াজ ওই গ্রামের রাজিব মিয়ার একমাত্র ছেলে।
একই উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে বাড়ির চারপাশে জমে থাকা বর্ষার পানিতে ডুবে মারা যায় ১৮ মাস বয়সী তাসকিন তারেক। সে ওই গ্রামের টিটু মণ্ডলের ছেলে।
অন্যদিকে, পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে বাড়ির সামনের পুকুরে ডুবে মারা যায় সাড়ে ছয় বছর বয়সী আব্দুল আলিম। সে ওই গ্রামের সুমন মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের অগোচরে উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আলিম। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। তার সঙ্গে থাকা সাত বছর বয়সী চাচাতো ভাই মোস্তাকিম আলিমকে পানিতে হাবুডুবু খেতে দেখলেও বিষয়টির গুরুত্ব বুঝতে পারেনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে আলিমকে উদ্ধার করা হয়। ততক্ষণে তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই দিনে পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যুতে তিন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষাকালে পুকুর, জলাশয় ও বাড়ির আশপাশে জমে থাকা পানির কাছে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পানিতে ডুবে শিশুমৃত্যু নেত্রকোনায় একটি উদ্বেগজনক বিষয় হয়ে উঠেছে; অতীতের তথ্যেও কলমাকান্দায় এ ধরনের মৃত্যুর প্রবণতা বেশি দেখা গেছে।



