নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
নরসিংদীতে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজীদ আহম্মেদ জয় (২০), নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ধর্ম ও ত্রাণ বিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬) এবং নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের নরসিংদী পৌরসভার সামনের চত্বরে ছাত্রলীগের একদল নেতা-কর্মী হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে পৌর চত্বর থেকে সেবাসংঘের মোড় পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে যে যার যার মতে ছত্রভঙ্গ হয়ে চলে যায়। এসময় মিছিলের খণ্ড ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে জেলায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এরই জের ধরে পুলিশ রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উল্লিখিত তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তামজীদ আহম্মেদ জয় নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ার বাসিন্দা। সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া সাটিরপাড়া কুমিল্লা কলোনি এলাকায় হাফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং বিজয় সাহা পূর্ব ব্রাহ্মন্দীর বাসিন্দা।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, শহরে অনাকাঙ্ক্ষিত মিছিলের ঘটনায় তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করা হয়। এতে মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঝটিকা মিছিলের ঘটনায় নরসিংদী মডেল থানায় ১১ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



