নেত্রকোণায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
নূরুল আমীন, নেত্রকোনা
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম
নেত্রকোণায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট, ছবি: নূরুল আমীন
নেত্রকোণা শহরের প্রধান ব্যবসাকেন্দ্র বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।
স্থানীয়রা জানান, বড়বাজারের মজুমদার ইলেকট্রনিক্স থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও পেছনের আবাসিক অংশে ছড়িয়ে পড়ে। ওই সারির সামনের অংশে দোকানঘর এবং পেছনের অংশে বসতবাড়ি রয়েছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করেন। তাদের সঙ্গে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দাদেরও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে দেখা যায়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বড়বাজারের আগুন নিয়ন্ত্রণে নেত্রকোণা ফায়ার সার্ভিস নিবিড়ভাবে কাজ করছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি হাসপাতাল, পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জরুরি সেবার যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ঘটনাস্থলে অপ্রয়োজনে ভিড় না করা এবং রাস্তা ফাঁকা রাখার অনুরোধ জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো তথ্য জানা যায়নি।



