Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে কৃষি জমিতে অবৈধ বালু ভরাটের প্রতিবাদে থানায় গণঅভিযোগ ও মানববন্ধন

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:১৮ পিএম

রূপগঞ্জে কৃষি জমিতে অবৈধ বালু ভরাটের প্রতিবাদে থানায় গণঅভিযোগ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের উর্বর কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাট ও ভূমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে থানা প্রাঙ্গণে মানববন্ধন, গণঅভিযোগ এবং গণডায়েরি (জিডি) করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে পৈত্রিক ভিটা মাটি সংরক্ষণ পরিষদ এর উদ্যোগে রূপগঞ্জ থানা প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত করা হয়েছে।

কর্মসূচিতে কায়েতপাড়া ইউনিয়নের শত শত কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও গণঅভিযোগের কপি। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল

কৃষি জমি সোনার চেয়ে দামি, বালু ভরাট বন্ধ কর, কৃষি জমি আবাদ কর।

এ সময় তাঁরা অবিলম্বে ভূমিদস্যু ও বালু ব্যবসায়ীদের অবৈধ কর্মকাণ্ড থামানোর দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন চলাকালে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দাদের পক্ষ থেকে আমরা আমাদের ৯ দফা দাবি উত্থাপন করেছি। এর সমর্থনে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি, জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছি এবং সর্বশেষ গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কাছে আমাদের দাবিসমূহ পেশ করেছি।

আমাদের উত্থাপিত ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য প্রধান বিষয়গুলো হলো: বসতবাড়ির ওপর দিয়ে বা বাড়ি-ঘর উচ্ছেদ করে কোনো আবাসন প্রকল্প করা যাবে না। আবাসন প্রকল্প গড়ে তুলতে হলে তা বসতবাড়ি থেকে অন্তত ৩০০ মিটার দূরে হতে হবে।  মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান কোনোভাবেই ধ্বংস বা নষ্ট করা যাবে না। আমাদের যেসব জমি রয়েছে তার আনুপাতিক হারে আমাদের প্লট প্রদান করে এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। জমির প্রকৃত মালিকদের কোনোভাবেই হয়রানি করা যাবে না।

আজ আমরা কায়েতপাড়া ইউনিয়নের জনগণের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। একটি মহল থেকে বলা হয় যে আমাদের নাকি জমি নেই! আমরা স্পষ্ট বলতে চাই আমাদের প্রায় ২০০টি অভিযোগ এবং জিডি কপি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। যারা দাবি করে আমাদের জমি নেই, তারা জেনে রাখুক এখানে আমাদের ১৪ পুরুষ, ৩০০, ৪০০ এমনকি হাজার বছরের ইতিহাস ও বংশানুক্রমিক বসবাসের প্রমাণ রয়েছে। আমরা এখানে হঠাৎ করে ভেসে আসি নাই। আমরা কায়েতপাড়া স্থায়ী বাসিন্দা। আমাদের এই পৈতৃক ভূমিতে আমরা মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। কায়েতপাড়া মাটিতে কোনো ভূমিদস্যু বা মাফিয়া চক্রের স্থান হবে না। যদি প্রকল্প বাস্তবায়ন করতেই হয়, তবে কায়েতপাড়াবাসী ও জমির প্রকৃত মালিকদের সাথে সরাসরি বসে সমঝোতার মাধ্যমে সামনের দিকে এগোতে হবে। কোনো ভূমিদস্যুর দালাল, মাফিয়া কিংবা কমিশনখোরদের মাধ্যমে বা কমিশন দিয়ে এর কোনো সমাধান করা যাবে না। কায়েতপাড়া ইউনিয়নের জনগণের স্বার্থ রক্ষা করে, প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে, জনসম্মুখে বসে সমাধান করেই এই প্রকল্প গ্রহণ করতে হবে। সামাজিক ও রাজনৈতিকভাবে এইটুকু না বললেই নয় রূপগঞ্জের মাননীয় সংসদ সদস্য দিপু ভুইয়া সাহেবও মহান সংসদে এই ভূমিদস্যুর বিরুদ্ধে কথা বলছেন। আমরা এই সার্বিক সমস্যা নিরসনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে  রফিকুল ইসলাম,ইলিয়াসম পারভেজ (অব:প্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা),এডভোকেট নাজমুল ইসলাম,আহসান উল্লাহ মাস্টার,হাসনা বেগম প্রমুখ। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে রূপগঞ্জ থানায় একটি লিখিত গণঅভিযোগ ও গণডায়েরি দায়ের করা হয়। এ সময় স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন, যাতে ফসলি জমিতে অবৈধ বালু ভরাট চিরতরে বন্ধ হয় এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন