গর্ভজাত শিশু হত্যার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:১৪ এএম
রাঙামাটি জেনারেল হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মাসুদুর রহমান তালুকদারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গর্ভজাত শিশু হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শিশুটির বাবা জুয়েল রানা।
মামলা সূত্রে জানা যায়, রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়ার বাসিন্দা জুয়েল রানা তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রীনা আক্তারকে গত ৮ জুলাই প্রসবজনিত ব্যথার কারণে জেনারেল হাসপাতালে ভর্তি করান। ভর্তির সময় মা ও নবজাতক উভয়ই সুস্থ ছিলেন। এমনকি ১০ জুলাই আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টেও গর্ভজাত সন্তান সুস্থ ও স্বাভাবিক ছিল বলে উল্লেখ করা হয়।
বাদীর অভিযোগ, ১১ জুলাই ডা. মাসুদুর রহমান তালুকদার আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে গর্ভজাত শিশুটি মারা গেছে বলে দাবি করেন। এ সময় তিনি প্রসূতিকে অকথ্য ভাষায় গালমন্দ করে তার অক্সিজেন সংযোগ খুলে নেন। দীর্ঘ দুই ঘণ্টা অক্সিজেনবিহীন থাকায় শেষ পর্যন্ত গর্ভজাত শিশুটির মৃত্যু ঘটে বলে দাবি করেন জুয়েল রানা।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, ডা. মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি তিনি এখনও অবগত নন। তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, আদালত মামলাটি গ্রহণ করে অধিকতর তদন্তের জন্য রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।



