সোনারগাঁয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এবং আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুস্তাফিজুর রহমান। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
এ বছরের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল, জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উন্নয়ন করি বাস্তবায়ন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য সবচেয়ে নিরাপদ, পূর্ণাঙ্গ ও আদর্শ পুষ্টির উৎস। জন্মের পরপরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানো হলে তার সুস্থ বৃদ্ধি, মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একই সঙ্গে মাতৃদুগ্ধ পান করানো মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পরপরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর পাশাপাশি এ বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।



