শেরপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত, বিএনপির আলোচনা সভায় রাজনৈতিক শিষ্টাচার ও ঐক্যের আহ্বান
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:০৮ এএম
বগুড়ার শেরপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শেরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা। সভা পরিচালনা করেন শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল। সভায় সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বাবলু বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানও দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী নেতাকর্মীদের ধৈর্য ও নম্রতাকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই সনদের নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র গ্রহণযোগ্য হবে না। এ সময় তিনি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। উত্তরবঙ্গ বা বগুড়ায় এ ধরনের বক্তব্য নিয়ে কেউ এলে রাজপথে প্রতিবাদেরও হুঁশিয়ারি দেন তিনি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। তিনি বলেন, গণআন্দোলনে তরুণদের অবদান অবশ্যই রয়েছে, তবে কোনো একটি পক্ষের একক কৃতিত্ব দাবি করে ক্ষমতায় যাওয়ার মানসিকতা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত আচরণ শেষ পর্যন্ত জনগণের সমর্থন হারানোর কারণ হতে পারে। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে খাটো করার যেকোনো চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না। দলের নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচারের জবাব রাজনৈতিকভাবেই দিতে যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন ও আশরাফ উদ্দিন ভোলা, বিএনপি নেতা হেলালুজ্জামান হেলাল, মাহবুবুল আলম হিরু, জিএম মোস্তফা, মোয়াজ্জেম হোসেন, জাহিদুর ইসলাম টুলু, মোস্তাফিজুর রহমান নিলু, বদিউজ্জামান বদি, কায়কোবাদ ও আব্দুল ওহাব। এ ছাড়া যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, সোবাইদুল ইসলাম, সজিব এবং স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুল আসিফ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শেরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রুহুল আমিন।



