শেরপুরে স্কুলছাত্র জামিল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম
বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে নিহত স্কুলছাত্র জামিল শেখ (১৬) হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতিকালে সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শাকিল ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তারের সময় তিনি ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে জামিল শেখ এগিয়ে গেলে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম সোমবার রাতেই শেরপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আসামি মো. শাকিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।



