Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ট্রাকে বাসের ধাক্কা,হেলপার ও যাত্রী নিহত

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৫৬ এএম

শেরপুরে ট্রাকে বাসের ধাক্কা,হেলপার ও যাত্রী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী বাসের ধাক্কায় দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের চালকের সহকারী (হেলপার) ও একজন যাত্রী রয়েছেন। 

রোববার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার নয়ন (৩৮)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত মাসুদুর রহমান (৩৮) একই উপজেলার চাঁনপুরি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোনকা এলাকায় আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে একটি পাথরবোঝাই ট্রাক দুইদিন আগে সাইডের ওয়ালে ধাক্কা দিলে দূর্ঘটনার  কারণে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাসুদুর রহমান নিহত হন। এ ছাড়া বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির কারণে বাসচালক বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সময়মতো দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে মহাসড়কে বিকল যানবাহন নিরাপদভাবে সরিয়ে রাখা এবং যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন