Logo
Logo
×

সারাদেশ

পাঁচ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে শেরপুরে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

পাঁচ গ্রামের কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে শেরপুরে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি

বগুড়ার শেরপুর উপজেলার পাঁচটি গ্রামের দীর্ঘদিনের কাঁচা সড়ক দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। রবিবার(০২'জুলাই) বেলা ১১ টার সময়  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল ইউএনও মো. সাইদুজ্জামান হিমুর কাছে স্মারকলিপি জমা দেয়।

মানববন্ধনে শাহবন্দেগী ইউনিয়নের বাগমারা, ঘোলাগাড়ি, রাজবাড়ী, হাতিগাড়া ও খোট্টাপাড়া গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা ও শেরপুর উপজেলা শাখার নেতারাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় তিন হাজার পরিবারের বসবাস ওই পাঁচটি গ্রামে। অধিকাংশ পরিবারই নিম্ন আয়ের এবং কৃষি ও শ্রমনির্ভর। বর্ষা মৌসুমে কাঁচা সড়ক কাদায় পরিণত হওয়ায় বছরের ছয় থেকে সাত মাস চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে জরুরি রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে গিয়ে পরিবারগুলোকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

সিপিবি শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো বলেন, পাঁচটি গ্রাম শ্রমজীবী ও আদিবাসী অধ্যুষিত হলেও দীর্ঘদিন ধরে সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ২০১২, ২০২১ ও ২০২৫ সালে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়ে গ্রামবাসী আন্দোলনের কর্মসূচি পালন করছেন।

রাজবাড়ী গ্রামের কৃষক ফরিদুল ইসলাম ও আবদুল হামিদ বলেন, কাঁচা সড়কের কারণে কোনো যানবাহন সহজে গ্রামে প্রবেশ করতে পারে না। ফলে কৃষিপণ্য বাজারজাত করতে অতিরিক্ত ব্যয় গুনতে হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত স্কুল-কলেজে যাতায়াতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন বগুড়া জেলা সিপিবির সভাপতি আমিনুল ফরিদ, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, হাসান আলী, আবদুল হামিদ, জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কাদাযুক্ত অংশগুলোতে জরুরি ভিত্তিতে চলাচল উপযোগী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বগুড়া উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি সড়ক পাকাকরণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন