স্ত্রীর কবর খননের সময় মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম
কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর অক্ষত লাশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উত্তরহাওলা ইউপির উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার মারা যান ঐ গ্রামের রমজান আলীর স্ত্রী। স্বামীর কবরের পাশে স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে তরতাজা কাফনের কাপড়সহ পাওয়া যায় স্বামীর অক্ষত লাশ। বিষয়টি এলাকায় জানাজানি হলে ঐ কবরস্থানে ভিড় জমান এলাকার মানুষ।
কবর খননকারীদের ভাষ্য, মরদেহটি কাফনের কাপড়সহ প্রায় আগের অবস্থাতেই ছিল। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২৪ বছর আগে রমজান আলীর মৃত্যু হয়। জীবদ্দশায় তিনি ধার্মিক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং হাটবাজারে চাল-আটার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং কবরের ভেতরে কাফনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে মরদেহটি যে অবস্থায় ছিল, সে অবস্থায় রেখেই পাশে তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করার নির্দেশ দেন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারওয়ার আকবর বলেন, অনেক সময় পরিবেশ এবং ব্যাকটেরিয়ার ওপরে নির্ভর করে মরদেহ অক্ষত থাকতে পারে। তবে ময়নাতদন্ত করলে বিস্তারিত বলা যাবে।



