শেরপুরে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য, হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার মামলা নং-১২, তারিখ ১৫ নভেম্বর ২০২৪ এবং জিআর নং-৩১৮-এর তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪৩৫, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মোমিনুর রহমান (৫০), পিতা. মৃত অলিমুদ্দিন আকন্দ, গ্রাম ভবানীপুর এবং সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল হাকিম (৫০), পিতা. মৃত মফিজ উদ্দিন, গ্রাম টাকাধুকুরিয়া। উভয়েই শেরপুর উপজেলার বাসিন্দা।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মামলার তদন্ত চলাকালে তাদের সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তদন্তের স্বার্থে মামলার অন্যান্য দিকেও অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



