শেরপুরে লাইসেন্সবিহীন দুই স মিলকে ২০ হাজার টাকা জরিমানা, মহাসড়ক থেকে কাঠ জব্দ
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মহাসড়কের পাশে অবৈধভাবে পরিচালিত স মিল ও মহাসড়ক দখল করে কাঠ রাখার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুটি স মিলকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মহাসড়কের ওপর রাখা কাঠ জব্দ করা হয় এবং অবশিষ্ট কাঠ দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, পৌরসভার প্রকৌশলী এম. এ. শফিকুল ইসলাম এবং শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করায় দুটি স মিলকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মহাসড়কের ওপর কাঠ রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় একটি স মিল ও একটি জ্বালানি কাঠের দোকান থেকে কিছু কাঠ জব্দ করা হয়। পাশাপাশি মহাসড়কে পড়ে থাকা অবশিষ্ট কাঠ আগামী দুই দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু বলেন, মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করা এবং সরকারি সড়ক অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়দের মতে, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে কাঠ স্তূপ করে রাখার কারণে যান চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে সড়কের শৃঙ্খলা ফিরবে এবং ভবিষ্যতে অবৈধ দখল ও অনিয়ম কমবে বলে তারা আশা প্রকাশ করেছেন।



