Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরগঞ্জে ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম

ঈশ্বরগঞ্জে ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার

শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে জন্মের ০ থেকে ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে জন্মনিবন্ধন করানোর সুযোগ দিচ্ছে সরকার। সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগকে মাঠপর্যায়ে আরও বেগবান ও জনসাধারণকে উৎসাহিত করতে সম্পূর্ণ ব্যতিক্রমী এক কার্যক্রম হাতে নিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন। নির্ধারিত ৪৫ দিনের মধ্যে যেসব অভিভাবক তাদের শিশুর জন্মনিবন্ধন করাচ্ছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হচ্ছে একটি করে আকর্ষণীয় টাওয়াল।

এরই ধারাবাহিকতায় উপজেলার আঠারোবাড়ি ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে শিশুদের অভিভাবকদের মাঝে এই শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আওয়াল উপস্থিত থেকে অভিভাবকদের হাতে উপহারের টাওয়াল তুলে দেন। এ সময় তিনি বলেন, "শিশুদের সঠিক সময়ে জন্মনিবন্ধন নিশ্চিত করার জন্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে।

ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, "সঠিক সময়ে জন্মনিবন্ধন করা শিশুর ভবিষ্যৎ নাগরিক অধিকার নিশ্চিত করার অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেক সময়ই দেখা যায় অসচেতনতার কারণে অভিভাবকরা যথাসময়ে নিবন্ধন করেন না। তাই অভিভাবকদের নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মনিবন্ধনে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতেই আমাদের এই ছোট প্রয়াস।

উপজেলা প্রশাসনের এমন অভিনব ও পজিটিভ উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। সময়মতো জন্মনিবন্ধন নিশ্চিত করার পাশাপাশি উপহার দেওয়ার এই সুন্দর উদ্যোগটি বর্তমানে সর্বমহলে প্রশংসায় ভাসছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন