Logo
Logo
×

সারাদেশ

সংবাদ প্রকাশ করায় রাবি সাংবাদিকদের হুমকি রাকসু ভিপির

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম

সংবাদ প্রকাশ করায় রাবি সাংবাদিকদের হুমকি রাকসু ভিপির

রাকসু ভবনে ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের মারধরের ঘটনায় রাকসু ও শিবিরের 'বিরুদ্ধে' সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে রাকসু ভবনে ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ভিপি জাহিদের দাবি, সংবাদমাধ্যমগুলো সংঘর্ষের ঘটনাকে একপাক্ষিক ভাবে প্রচার করেছে। সংবাদ মাধ্যমগুলো ঘটনাকে ছাত্রলীগের পক্ষে উপস্থাপন করেছে বলেও দাবি করেন। 

‎‎ভিপি জাহিদ এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সংবাদে যেসব শব্দ ব্যবহার করছেন, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গতকাল অনেকেই এমনভাবে সংবাদ প্রকাশ করেছেন, যাতে ছাত্রলীগকে ডিফেন্ড করা হয়েছে। এখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে যারা এ ধরনের সংবাদ করেছেন, আমরা সেগুলো সংগ্রহ করছি এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব।’

‎‎তিনি বলেন, ‘আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কীভাবে হামলা হয়? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। 'প্রতিরোধ' শব্দটি ব্যবহার করতে আপনাদের এত সংকোচ কেন? ছাত্রলীগের প্রতি এত মায়াকান্না কেন? সাংবাদিকদের এই ভূমিকার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। ছাত্রলীগকে ডিফেন্ড করে যারা সংবাদ প্রকাশ করেছেন, আমরা সেগুলো সংগ্রহ করছি এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

‎এসময় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন, শব্দ দিয়ে মানুষকে যেমন তৈরি করা যায়, তেমনি ধ্বংসও করা যায়। প্রশ্ন হচ্ছে, আমরা যেটাকে প্রতিরোধ বলছি, সেটিকে আপনারা প্রতিরোধ হিসেবে দেখতে পারছেন না কেন?’

‎‎গতকালের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা রাকসু ভবনে যাওয়ার পর সাতজন সেখানে আসে। একজন ভিডিও ধারণ করছিল, আর ছয়জন অতর্কিত হামলা চালায়। কেউ আমাকে মারধর করেছে, কেউ অস্ত্র তাক করেছে, কেউ আবার পুরো ঘটনাটি ভিডিও করেছে। আমার মনে হয়েছে,উদ্দেশ্য ছিল শুধু শারীরিকভাবে আঘাত করা নয়; সামাজিকভাবেও আমাকে হেয় করা এবং একটি নির্দিষ্ট বয়ান তৈরি করা।’

‎‎তিনি আরও বলেন, ‘আনাস যে ছাত্রলীগের সঙ্গে জড়িত, এটি প্রমাণিত। এখানে সন্দেহের কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে, হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং প্রক্টর অফিসেও সে নিজেই স্বীকার করেছে যে, সিটের জন্য ছাত্রলীগ করেনি। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য হয়েও সে প্রকাশ্যে নিজের পরিচয় দিচ্ছে। এরপরও তার প্রতি নরম অবস্থান নেওয়া হচ্ছে কেন এটাই আমার প্রশ্ন।’

‎ছাত্রদলের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি ছাত্রদলের প্রতিও ধিক্কার জানাই। যে ব্যক্তি একসময় জামায়াত-শিবিরবিরোধী নোটিশ দিয়েছে, সেই ব্যক্তি এখন ছাত্রদল করছে এবং ছাত্রদল তাকে আশ্রয় দিচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

‎‎এসময় রাকসুর পক্ষ থেকে ৬টি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িত সকল অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; রাকসু ভবনে হামলা, শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করার ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা; ঘটনার সময় দায়িত্ব পালনে অবহেলা কিংবা নিষ্ক্রিয়তার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ; ক্যাম্পাসে সন্ত্রাস, সহিংসতা ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ; সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং অতীতে নির্যাতনের সাথে যুক্ত এবং ছাত্রলীগ সম্পৃক্ততা রয়েছে এমন সকলের বিচার নিশ্চিত করা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন