ধ্বংস ৩৫টি ফাঁদ
সালথায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারির’ বিরুদ্ধে অভিযান
সাজ্জাদ হোসেন, সালথা
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পিএম
নিষিদ্ধ ‘চায়না দুয়ারির’ বিরুদ্ধে অভিযান
দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ফরিদপুরের সালথায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দিনভর পরিচালিত অভিযানে প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক ও মালঞ্চ নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। এ সময় মোট ৪০০ মিটার দৈর্ঘ্যের ৩৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, স্থানীয় পুলিশ, আনসার সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চায়না দুয়ারি জালে নির্বিচারে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ আটকা পড়ে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি শামুক, ঝিনুক, কুচিয়াসহ নানা জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে নদী-খাল, বিল ও জলাশয়ের স্বাভাবিক জলজ পরিবেশ ক্রমেই হুমকির মুখে পড়ছে।
ইউএনও দবির উদ্দিন বলেন, ‘চায়না দুয়ারি দেশীয় মাছের জন্য এক নীরব ঘাতক। এটি ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে আটকে ফেলে। এতে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।’
তিনি আরও বলেন, ‘এ অভিযান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; এটি আমাদের প্রাকৃতিক সম্পদ, মৎস্যসম্পদ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার উদ্যোগ। চায়না দুয়ারির ব্যবহার বন্ধ করা না গেলে একসময় দেশীয় মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়বে।’
ইউএনও বলেন, দেশীয় মাছ ও জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। এ কাজে সালথাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবাই সচেতন হলে নদী-নালা, বিল ও জলাশয় রক্ষার পাশাপাশি দেশের মৎস্যসম্পদও সংরক্ষণ করা সম্ভব হবে।
প্রকৃতি ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।



