Logo
Logo
×

সারাদেশ

শিক্ষা ও খেলাধুলার সমন্বয়েই গড়ে উঠবে আগামীর প্রজন্ম: এমপি মান্নান

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

শিক্ষা ও খেলাধুলার সমন্বয়েই গড়ে উঠবে আগামীর প্রজন্ম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, একসময় নারায়ণগঞ্জ জেলার মধ্যে সোনারগাঁয়ের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন ছিল। সেই অবস্থার পরিবর্তনে সরকার শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলা এবং তাদের নৈতিক বিকাশে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে, যাতে যুবসমাজ মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মান্নান শিক্ষার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার পর কোনো স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে অযথা রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যাবে না। অভিভাবক ও শিক্ষকদের এ বিষয়ে সচেতন থাকতে হবে। প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে দক্ষ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয়ভাবেও সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্টেডিয়ামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই সোনারগাঁ স্টেডিয়ামকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করে নারায়ণগঞ্জ জেলার অন্যতম সেরা স্টেডিয়ামে রূপান্তর করা হবে।

এদিকে একই দিন দুপুরে উপজেলার সোনারগাঁ পৌরসভার গোয়ালদী এলাকায় প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি নতুন কালভার্ট ও আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি আজহারুল ইসলাম মান্নান।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন