রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জনের কারাদণ্ড
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রূপগঞ্জ উপজেলার সেনাবো এলাকার সাদ্দাম হোসেন, পিতলগঞ্জ এলাকার মঞ্জু মিয়া, শাকিল মিয়া, নিকু চন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস, আমান মিয়া ও রফিকুল ইসলাম।
এর মধ্যে সাদ্দাম হোসেন ও নিকু চন্দ্র দাসকে এক বছর করে, রফিকুল ইসলামকে দুই মাস এবং বাকি সাতজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও মদ বিক্রি এবং সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালতে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করলে শুনানি শেষে বিচার-বিশ্লেষণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
দণ্ড কার্যকরের জন্য সাজাপ্রাপ্ত ১০ জনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।



