Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে হারানো ১৫টি স্মার্টফোন উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

দুর্গাপুরে হারানো ১৫টি স্মার্টফোন উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

নেত্রকোনার দুর্গাপুর থানার পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৫টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুর্গাপুর থানা প্রাঙ্গণে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে দুর্গাপুর থানায় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে ওসির সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল আইএমইআই ট্র্যাকিংসহ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে ১৫টি স্মার্টফোন উদ্ধার করতে সক্ষম হয়।

পরে উদ্ধার হওয়া ফোনগুলোর প্রকৃত মালিকদের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোবাইল ফিরে পাওয়া কয়েকজন বলেন, ফোন হারানোর পর সেটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। শুধু নিয়ম মেনে থানায় জিডি করেছিলেন। পরে পুলিশের ফোন পেয়ে থানায় এসে নিজেদের মোবাইল ফিরে পান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘জনগণকে দ্রুত ও কার্যকর আইনি সেবা দেওয়া বাংলাদেশ পুলিশের অন্যতম দায়িত্ব। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।’

স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার মতো কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়াবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন