শেরপুরে মাদকাসক্ত অবস্থায় দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০৫ এএম
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে মাদকাসক্ত অবস্থায় দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে শেরপুর থানার এসআই বিকাশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চন্ডিপুর গ্রামের মো. তছির উদ্দিনের ছেলে মো. বক্কার এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে মো. লিটন আহমেদকে মাদকাসক্ত অবস্থায় আটক করে।
আটকের পর শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মো. বক্কারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. লিটন আহমেদকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
শেরপুর থানা পুলিশের এসআই জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



