কলমাকান্দায় বন্যা মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা ইউনিয়নে বন্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করতে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার কলমাকান্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাগনীপাড়া মাঠে আয়োজিত এ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামছুজ্জামান আসিফ। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা ইউনিয়নের প্রশাসক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, কলমাকান্দা বন্যাপ্রবণ এলাকা হওয়ায় দুর্যোগের আগেই জনগণকে সচেতন করা, আগাম সতর্কবার্তা দ্রুত পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের প্রস্তুতি গ্রহণ, জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে আয়োজিত বাস্তবভিত্তিক মহড়ায় বন্যাকালীন উদ্ধার অভিযান, দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি সেবার বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজন করে কলমাকান্দা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে এ মহড়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।



