চলনবিলে চাষাবাদ সচল করতে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
নাহিদ হাসান, নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম
চলনবিলে চাষাবাদ সচল করতে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন, ছবি: নাহিদ হাসান
চলনবিলের কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন স্বাভাবিক রাখা এবং কৃষকদের চাষাবাদ নির্বিঘ্ন করতে বিল জুড়ে জমে থাকা কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ দুপুর থেকে নাটোরের সিংড়া উপজেলার ইন্দ্রাশন এলাকায় চলনবিলের একটি অংশে পরীক্ষামূলক ভাবে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম (আনু) এমপি।
উদ্বোধন শেষে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম (আনু) বলেন, চলনবিলের কৃষি ও কৃষকদের বাঁচাতে হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরী। দীর্ঘদিন ধরে বিলে জমে থাকা কচুরিপানা কৃষিপণ্য পরিবহন, নৌ-চলাচল এবং কৃষিকাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে স্থানীয়ভাবে তৈরী প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলক ভাবে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করে বৃহত্তর পরিসরে পুরো চলনবিলকে কচুরিপানা মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের দুর্ভোগ কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমপি আনোয়ারুল ইসলাম (আনু) জানান, চলনবিল দেশের অন্যতম বৃহৎ জলাভূমি ও কৃষিনির্ভর অঞ্চল। তাই এই অঞ্চলের কৃষি ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং আবাদি জমিতে সময় মতো চাষাবাদ নিশ্চিত করতে বিলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ, স্থানীয় কৃষক, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই চলনবিলের কচুরিপানা অপসারণের এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন এবং কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।



