জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে বিক্ষোভকারীরা মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন সোলাইমান কবির, অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল রহমান, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান লিয়াকাত আলী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, অধ্যাপক আবু সাঈদ ও শফিকুল ইসলাম দুলু।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রথমে ভিডিওটিকে এআই প্রযুক্তিতে তৈরি দাবি করা হলেও পরে সংশ্লিষ্ট নারীকে এমপির দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়। তবে বিভিন্ন তথ্য ও বক্তব্যে অসংগতি রয়েছে।
সমাবেশ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি করে জাতীয় সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা এমপির প্রতীকী কুশপুতুল দাহ করেন।
বক্তারা আরও বলেন, বিতর্কিত ঘটনাটি নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে তার স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। অন্যথায় রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটি পরিকল্পিত ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অংশ। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা কেন্দ্রীয়ভাবে তথ্য সংগ্রহ ও সাংগঠনিকভাবে পর্যালোচনা করছে।



