Logo
Logo
×

সারাদেশ

সিলেটে হামের উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

সিলেটে হামের উপসর্গে একদিনে ৩ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।

সোমবার (২০ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগীর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া ৩ শিশুর মধ্যে হবিগঞ্জের ১ বছর ৫ মাস বয়সী ১টি শিশু এবং সুনামগঞ্জের ১ বছর ৭ মাস ও ৮ মাস বয়সী ২টি শিশু রয়েছে। তারা সবাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৫ জন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, লায়ন্স হাসপাতালে ৩ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪৫। এর মধ্যে সুনামগঞ্জে ২৮৭ জন, সিলেটে ১৮০ জন, হবিগঞ্জে ৫৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে, স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গে ৯৯ জন এবং নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জন। জেলার ভিত্তিতে সর্বোচ্চ ৪৭ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। এরপর সিলেটে ৩৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জনের মৃত্যু হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন