সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস খান (২৬) ওই এলাকার সাত্তার খানের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন ইলিয়াস। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, ইলিয়াস নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছি। বিস্তারিত পরে জানাতে পারব।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা নিতে তদন্ত চলছে।



