শেরপুরে মাংস ব্যবসায়ীকে পিটিয়ে ১ লাখ টাকা লুট
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:২৬ এএম
মাংস ব্যবসায়ী মো. রুবেল
বগুড়ার শেরপুরে এক মাংস ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর এবং ক্যাশে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
অভিযোগকারী মো. রুবেল (৩৮) শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি শেরপুর রেজিস্ট্রি অফিস বাজারে দীর্ঘদিন ধরে মাংসের ব্যবসা করে আসছেন।
লিখিত অভিযোগে রুবেল জানান, অভিযুক্তদের অন্যতম শহিদুল ইসলামও একই বাজারে মাংস বিক্রি করেন। সম্প্রতি অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শহিদুল ইসলামকে জরিমানা করেন। ওই ঘটনার জন্য তাঁকে সন্দেহ করে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলামসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর দোকানে হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়। তাঁর চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে এলে ভাতিজা নয়নকেও মারধর করা হয়। একপর্যায়ে দোকানের ক্যাশে থাকা মাংস বিক্রির নগদ এক লাখ টাকা নিয়ে অভিযুক্তরা চলে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, "রুবেলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।"
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ মইনুদ্দিন বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনাটি এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে অভিযোগের বিষয়গুলো তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।



