Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বাল্যবিবাহ, নারী-শিশু নির্যাতন, মাদক ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম

শেরপুরে বাল্যবিবাহ, নারী-শিশু নির্যাতন, মাদক ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদক এবং মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি এবং মানব পাচার সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব সামাজিক ব্যাধি নির্মূলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা।

বক্তারা আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সুস্থ সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি মানব পাচার প্রতিরোধে সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে প্রশাসনকে দ্রুত অবহিত করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, "একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও মানব পাচারের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগেও প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।"

সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন এবং সাবেক কাউন্সিলর শাহবুল করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভা শেষে উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদক ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন