শেরপুরে উল্টো পথে পানির ট্যাংকারের ধাক্কা, ঝালমুড়ি বিক্রেতা নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় উল্টো পথে চলাচলকারী একটি পানির ট্যাংকারের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মোনেম কোম্পানির একটি পানির ট্যাংকার উল্টো পথে চলাচল করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা চার যাত্রী গুরুতর আহত হন।
আহতদের মধ্যে জয়নাল আবেদিন (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন ছোনকা উচ্চ বিদ্যালয় ও ছোনকা বাজার জামে মসজিদের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই ছেলের মধ্যে একজন প্রতিবন্ধী। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
দুর্ঘটনায় আহত মো. বখত জামাল (৪৫) ও তার স্ত্রী কুলসুম বেগম প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর নিজ বাড়িতে ফিরে গেছেন। অপর আহত শাহ আলমকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অটোভ্যানে থাকা সকল যাত্রীই ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা ছিলেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় জড়িত আব্দুল মোনেম কোম্পানির পানির ট্যাংকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বগুড়া মহাসড়কে বিভিন্ন সময় ভারী যানবাহনের উল্টো পথে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা মহাসড়কে এমন ঝুঁকিপূর্ণ চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



