দানাপাটুলী ইউপি চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপি নেতা এলাজ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নং দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা আবুল বাসার এলাজ।
শনিবার (১৮ জুলাই) দুপুরে দানাপাটুলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, কৃষক, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে আবুল বাসার এলাজ বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের রাস্তাঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। একই সঙ্গে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি উন্নত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আবুল বাসার এলাজ দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি। তিনি দানাপাটুলী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউপি সদস্য মরহুম আইয়ুব আলীর দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আবুল বাসার এলাজ ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরছেন। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় দানাপাটুলী ইউনিয়নে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সায়েমুদ্দিন বলেন, আবুল বাসার এলাজ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাবা মরহুম আইয়ুব আলীও ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমরা চাই দল তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিক। তিনি নির্বাচিত হলে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে যাবে এবং সরকারি সামাজিক সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাবে।
কৃষক তৌহিদ বলেন, এর আগে অনেক জনপ্রতিনিধিকে দেখেছি, কিন্তু এলাকার প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। এবার আমরা আবুল বাসার এলাজকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
স্থানীয় বাসিন্দা কাইয়ুম বলেন, আমাদের গ্রামের সবাই আবুল বাসার এলাজকে সমর্থন করছে। এখন পর্যন্ত কেউ চেয়ারম্যান হতে পারেননি। তাই এবার আমরা চাই এই এলাকার একজন যোগ্য মানুষ নেতৃত্বে আসুক।
ব্যবসায়ী মোহাম্মদ আবু কালাম বলেন, এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে আবুল বাসার এলাজকে সমর্থন করছে। তিনি একজন সৎ ও ভালো মনের মানুষ। নির্বাচিত হলে গরিব ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করবেন, ন্যায়ভিত্তিক সালিশ-দরবার পরিচালনা করবেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আবুল বাসার এলাজ বলেন, সাধারণ মানুষ, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ-অনুপ্রেরণায় চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে এবং মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেব।
তিনি আরও বলেন,দানাপাটুলী ইউনিয়ন এখনো অনেক ক্ষেত্রে উন্নয়নবঞ্চিত। রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন জরুরি। দীর্ঘদিন স্কুল পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত থেকে শিক্ষা উন্নয়নে কাজ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন দানাপাটুলী ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”



