মজুমদার ফুড প্রোডাক্টসের দূষণের অভিযোগে শেরপুরে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দক্ষিণপাড়ায় মজুমদার ফুড প্রোডাক্টসের বয়লারের ছাই ও দূষিত পানির কারণে জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশের ক্ষতি হচ্ছে- এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত দূষণ বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে মজুমদার ফুড প্রোডাক্টসের উত্তর পাশে ছোনকা দক্ষিণপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কারখানার বয়লারের ছাই ও দূষিত পানির কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে কৃষিজমিতে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে, অনেকের চোখে ছাই ঢুকে চিকিৎসা নিতে হচ্ছে, গবাদিপশু পালনেও সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি ডায়রিয়াসহ বিভিন্ন রোগবালাই বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগী হাসান আলী, শাহাদাত হোসেন, হায়দার আলী ও জাহিদুল ইসলাম বলেন, কারখানার ছাই ও দূষিত পানির কারণে আমাদের জমিতে ঠিকমতো ফসল হচ্ছে না। বাতাসে ছাই উড়ে এসে মানুষের চোখের ক্ষতি করছে। অনেককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। পরিবেশ দূষণের কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবির মিঠু বলেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান হয়নি। আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা চাই।
তবে অভিযোগ অস্বীকার করেছে মজুমদার ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ার খালিদ বলেন, আমাদের কোম্পানির কোনো দূষিত পানি উত্তর দিকে যাওয়ার সুযোগ নেই। কারখানার বর্জ্য পানি পাইপলাইনের মাধ্যমে ফুলজোড় নদীতে নির্ধারিত ব্যবস্থায় নিষ্কাশন করা হয়। এছাড়া বয়লারের ছাই যাতে বাতাসে ছড়িয়ে না পড়ে, সে জন্য আধুনিক প্রযুক্তির অ্যাশ চেম্বার ব্যবহার করা হচ্ছে। তারপরও সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে তদন্তকারী দলও এসেছিল। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত পরিবেশ দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং নিয়মিত পরিবেশগত তদারকির দাবি জানান। তারা বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



