কলমাকান্দায় জুলাই শহীদ দিবস পালিত, আত্মত্যাগের চেতনা ধারণের আহ্বান
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ ধারণের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আহমেদ শফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এবং আহত জুলাই যোদ্ধা জহিরুল ইসলাম মামুন ও আকাশ।
সভায় আরও উপস্থিত ছিলেন জুলাই শহীদ আহাদুনের বাবা-মা, শহীদ মেহেদী হাসানের মা, শহীদ পরিবারের সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



