নরসিংদীর রায়পুরায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে।
নিহত চার শিশু হলো, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া, একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ও আশেয়া। তারা সকলেই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬/৭ জন শিশু শিক্ষার্থী কানন নদীতে গোসলে যায়। এসময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যান্যরাও পানিতে তলিয়ে যায়। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে দৌড়ে এসে উল্লেখিত চার জনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। এসময় আরো দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয় এবং একজন শিশু নিখোঁজ রয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, আমাদের এখানে চার জনকে মৃত অবস্থায় আনা হয়েছে।
এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চার শিশুর লাশ সনাক্ত করা হয়েছে। আরো দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এক শিশু নিখোঁজ রয়েছে বলে শুনেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



