নেত্রকোনায় বাসে ৭ হাজার ইয়াবাসহ এক নারী আটক
নূরুল আমীন, নেত্রকোনা
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী–কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
আটক মরিয়ম বেগম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জুয়েল মিয়ার স্ত্রী। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবার বড় চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে হেনারগাতী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘আশেকানে হাওলাপুরী’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমের কাছে থাকা দুটি প্যাকেট থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি আইটেল বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।
ডিএনসির ভাষ্য, মরিয়ম বেগম ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। মরিয়ম চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে এলাকায় সরবরাহ করতেন। পরে স্বামী-স্ত্রী মিলে তা বিক্রি করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, আটক মরিয়ম বেগমকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



