চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সবজির চারা বিতরণ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম
‘অল্প জায়গায় সবজি চাষে অভাব মিটে সংসার চলে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (১৪ জুলাই) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়নের ফকির পাড়া গ্রামে প্রায় ৩০টি পরিবারের মাঝে বাড়ির আঙিনায় চাষের জন্য বিনামূল্যে বিভিন্ন জাতের সবজির চারা বিতরণ করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বসতবাড়ির নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বাড়ির আশপাশের পতিত ও খালি জায়গাকে কাজে লাগিয়ে কীভাবে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, সে বিষয়ে নারীদের উৎসাহিত করা হয়।
বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাকিম আল-হাসনতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং আব্দুলপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মো. ফয়েজ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়েজ হাসান বলেন, বসতবাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষ করে আমরা যেমন নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করতে পারি, তেমনি তা বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। বসুন্ধরা শুভসংঘের এই চমৎকার ও সময়োপযোগী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
সভাপতির বক্তব্যে মো. মোস্তাকিম আল-হাসনত বলেন, আমাদের মা-বোনেরা যদি বাড়ির আঙিনার সামান্য জায়গাটুকুও ফেলে না রেখে সবজি চাষ করেন, তবে পরিবারের পুষ্টির অভাব দূর হওয়ার পাশাপাশি বাজার খরচ বাঁচিয়ে সংসার চালানো অনেক সহজ হবে। পতিত খালি জমিতে পুষ্টিকর খাদ্য উৎপাদন করে নিজেদের স্বাবলম্বী করতে হবে। বসুন্ধরা শুভসংঘ সবসময়ই মানুষের কল্যাণে এবং স্বাবলম্বী সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
চারা পেয়ে আনন্দ প্রকাশ করে স্থানীয় এক গৃহিণী জানান, বাড়ির উঠানের খালি জায়গায় সবজি লাগানোর ইচ্ছা অনেক দিনের ছিল। আজ শুভসংঘ থেকে চারা পাওয়ায় খুব উপকার হলো। এখন থেকে আমরা নিজেরা বিষমুক্ত সবজি খেতে পারব, আবার বাজারে বিক্রিও করতে পারব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মো. শাহারিয়া সরকার, সাধারণ সম্পাদক, বসুন্ধরা শুভসংঘ, চিরিরবন্দর উপজেলা শাখা। সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক, বসুন্ধরা শুভসংঘ, চিরিরবন্দর উপজেলা শাখা। পলাশ রায়, সিনিয়র মার্কেটিং অফিসার, জিএমই এগ্রো লিমিটেড। চঞ্চল রায়, সাংগঠনিক সম্পাদক, বসুন্ধরা শুভসংঘ, চিরিরবন্দর উপজেলা শাখা।
এছাড়াও শুভসংঘের উপজেলা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক ও দূরদর্শী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।



