Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম

কুড়িগ্রামে যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে অনন্য নজির গড়েছে কুড়িগ্রামের যমজ তিন বোন। পঞ্চম শ্রেণির এই বৃত্তি পরীক্ষায় তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে পরিবার, বিদ্যালয় ও জেলাবাসীর গর্বের কারণ হয়েছে।

তারা হলেন কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আকতারের কন্যা তাহিয়া রহমান, তাকিয়া রহমান ও তাবিয়া রহমান।

এর মধ্যে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

কুড়িগ্রাম পৌর শহরের টেক্সটাইল মোড় এলাকার বাসিন্দা এই তিন বোন বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলে পড়াশোনা করছে।

তাহিয়া, তাকিয়া ও তাবিয়া জানায়, ছোটবেলা থেকেই বাবা-মা তাদের লেখাপড়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও পরিবারের সার্বিক সহযোগিতায় তারা এই সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতেও মনোযোগ দিয়ে পড়াশোনা করে আরও ভালো ফল করার পাশাপাশি দেশের সেবায় নিজেকে গড়ে তুলতে চায় তারা। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছে তিন বোন।

তাদের বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, আমার তিন কন্যা একইসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একজন বাবা হিসেবে এটি আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। তবে এই সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব তাদের মায়ের। তার অক্লান্ত পরিশ্রম, ধৈর্য, ত্যাগ ও স্নেহময় পরিচর্যার ফলেই আজ তারা এই অর্জন করতে পেরেছে।

তিনি আরও বলেন, আমি শিক্ষকদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার কাছে আমার সন্তানদের জন্য দোয়া চাই, যেন তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে দেশের সেবা করতে পারে।

কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. গোলেনুর বেগম বলেন, যমজ তিন বোনের এমন সাফল্য অত্যন্ত আনন্দের। আমাদের বিদ্যালয় থেকে দুই বোন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এটি বিদ্যালয়ের জন্য গর্বের এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন