Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনায় ১৭টি চোরাই গরুসহ গ্রেফতার ১

Icon

নুরুল আমীন, নেত্রকোনা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

নেত্রকোনায় ১৭টি চোরাই গরুসহ গ্রেফতার ১

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চুরির অভিযোগে মো. আব্দুস ছালাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মদনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুস ছালামের গোয়ালঘর থেকে সাতটি গরু উদ্ধার করা হয়। একই এলাকার আরও দুই ব্যক্তির গোয়ালঘর থেকে ছয়টি গরু উদ্ধার করা হয়। পরে শনিবার ভোরে পুনরায় অভিযান চালিয়ে আরও দুই ব্যক্তির গোয়ালঘর থেকে চারটি গরু উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৭টি গরু উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আব্দুস ছালামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুস ছালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিক শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হয় এবং জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। এরই মধ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে কয়েকজন থানায় এসে উদ্ধার হওয়া সাতটি গরু নিজেদের বলে শনাক্ত করেছেন।

ওসি আল মামুন সরকার বলেন, "আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে উদ্ধার হওয়া গরুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি গরু চোর চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন