Logo
Logo
×

সারাদেশ

মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টুন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম

মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টুন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২

বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জে ডাকাতির ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় এক ব্যক্তিকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুরের দুটি গুদাম থেকে মোট ৬৪৩ কার্টুন ৪ পিস সয়াবিন তেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি শেরপুর উপজেলার মধ্য জামুর এলাকার আব্দুস সালামের ছেলে মো. ইমরান (৩৬)। তার বিরুদ্ধে এর আগেও গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ফ্রেশ কোম্পানির ২ লিটার বোতলজাত সয়াবিন তেলের ৬৬৫ কার্টুন (প্রতি কার্টুনে ৯ বোতল) একটি কাভার্ডভ্যানে করে মুন্সিগঞ্জের ডিলারের কাছে নেওয়া হচ্ছিল। কাভার্ডভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-২২০৬। শুক্রবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার এসআই মুয়াজ্জেম হোসেন ও এএসআই হুমায়ুন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাভার্ডভ্যানের চালককেও আটক করা হয়।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারে প্রতাপ কুমার রায়ের গুদামে অভিযান চালিয়ে ৫৮৫ কার্টুন এবং ইমরানের বাড়ির গুদাম থেকে আরও ৫৮ কার্টুন ৪ পিস সয়াবিন তেল উদ্ধার করা হয়।

গুদাম মালিক প্রতাপ কুমার রায় জানান, গত ৯ জুলাই স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন তার গুদামটি ভাড়া নেন। তবে ভাড়ার চুক্তিপত্র (ডিড) পরে করবেন বলে জানিয়েছিলেন।

শেরপুর থানার এসআই শাহাদত উদ্ধার অভিযানে সহযোগিতা করেন। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধারকাজ সম্পন্ন হয়।

এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় ১০ জুলাই একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ১১ নম্বর হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন