নরসিংদীতে অনিয়মের দায়ে হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম
নরসিংদী শহরের পুরাতন কান্দাপাড়া এলাকায় অবস্থিত গ্রীন লাইফ (প্রা.) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে হাসপাতালটির এক্স-রে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (০৮ জুলাই) সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে মডেল থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাসপাতালটির প্রয়োজনীয় লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা ছিল না। এছাড়া চিকিৎসা সেবা প্রদান ও হাসপাতাল পরিচালনায় আরও বেশ কিছু অনিয়ম ও অসংগতি পাওয়া যায়। লাইসেন্স না থাকা এবং নানা অনিয়মের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এসময় হাসপাতালের এক্স-রে কক্ষটি সিলগালা করার পাশাপাশি আগামী ৩১ জুলাই এর মধ্যে লাইসেন্স নবায়নসহ সকল অসংগতি দূর করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খলিল কায়সার খোকন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার সাহা এবং সদর হাসপাতালের প্যাথলজিস্টবৃন্দ।
অভিযান শেষে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং চিকিৎসাসেবার মান বজায় রাখতে জেলাজুড়ে এই ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান অব্যাহত থাকবে।



